রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৬) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার রাতে কাকরাইলের জাজেজ কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার সকালে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শহিদুল ইসলাম হাইওয়ে পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি সরকারি মোটরসাইকেলে করে রাজধানীর আব্দুল গনি রোডের পুলিশ কন্ট্রোল রুমের ব্যারাকে ফিরছিলেন। কাকরাইলের জাজেজ কমপ্লেক্সের পাশে গেলেই পেছন থেকে শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।