দেশের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় এক মাস এগিয়ে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।সেশন জট কমিয়ে দ্রুত শিক্ষাবর্ষ শুরুর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, গতবারের চেয়ে এবার ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন।
জানা যায়, গতবার আবেদন ফি ১,২০০ টাকা নির্ধারণ হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হতো। এবার আর ২য় ধাপে আবেদন করতে হবে না। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সবকিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীদের শুধু একবারই টাকা দিতে হবে।
পাশাপাশি ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বরে পাস নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) ‘ক’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের মানবিকের ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিটের বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত হয়েছিল।
উল্লেখ্য, গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল); রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর); শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা); বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর); পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী); কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এ বছর নতুন করে গুচ্ছের সাথে যুক্ত হয়েছে।