ছাত্রলীগের অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা (ভিডিও)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মূল ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বুধবার ভোর চারটায় শুরু হওয়া অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী ও মোহাম্মদ রাশেদ ১ নম্বর গেট থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় মোটরসাইকেলে করে ক্যাম্পাসে আসছিলেন।

পরে মদন ফকির মাজার গেট এলাকায় এলে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হন। ঘটনাটি জানাজানি হলে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতাকর্মীরা মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন।

এদিকে অবরোধের পর থেকে ক্যাম্পাসে অচল অবস্থা বিরাজ করছে। বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা জানান, ‘অবরোধের কারণে শিক্ষক ও কর্মচারীদের বাস চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, গতকাল রাতে স্থানীয় বাসিন্দা হানিফ ও তার দলবল তাদের ওপর হামলা করে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা ও ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হানিফ।

সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন, ছাত্রলীগের একাংশ ভিএক্সের নেতা–কর্মীরা অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।