সোনালী ব্যাংক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মধ্যে অনলাইনে ফি প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং রাজউকের চেয়ারম্যান (সচিব) এ.বি.এম আমিন উল্লাহ নুরী যার যার প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে রাজউকের Urban Resilience Project এর আওতায় Electronic Construction Permitting System (ECPS) এর বিবিধ আবেদনসহ ফি-চার্জ ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে অনলাইনে আদায় করা হবে।
এর মাধ্যমে বাড়ি-ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমতি, প্ল্যান, নকশাসহ অন্যান্য বিষয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিপরীতে রাজউক কর্তৃক নির্ধারিত বিবিধ ফি/চার্জ সোনালী ব্যাংক লিমিটেড এর নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ র মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে। এই অনলাইন সেবার আওতায় নাগরিকগণ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, সোনালী ই-ওয়ালেট, সোনালী ব্যাংকসহ যে কোন ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস), মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি) মাধ্যমে ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের আরবান রিসাইলেন্সের প্রজেক্ট ডিরেক্টর আবদুল লতিফ হেলালী, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, রাজউকের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবু কাউসার মল্লিক, সিনিয়র সিস্টেম এনালিস্ট কাজী মোহাম্মদ মাহবুবুল হক, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।