র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা কীভাবে এই নিষেধাজ্ঞা বাতিল করবে তার একটা ইঙ্গিত দিয়েছে। তবে তা আমাদের কাছে অফিসিয়ালি এখনো পৌঁছায়নি, সেজন্য মন্তব্য করারও সময় হয়নি।’
গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাবের গতিবিধি সব সময় আমাদের নজরে থাকে। র্যাবকে আমরা সংস্কারও করি। সংস্থাটি যেন জনগণের সঙ্গে কাজ করতে পারে, এগুলো আমরা লক্ষ রাখছি।’
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের সরকার সব সময় নির্বাচনমুখী। নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা সেজন্য সব ধরনের সহযোগিতা করব।’
পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোট ছোট শিল্প মুন্সীগঞ্জের সিরাজদীখানে যাচ্ছে। তাদের রাসায়নিক রাখার গুদামের জন্য সিরাজদীখানে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাদের আলটিমেটাম দেওয়া হয়েছে। খুব শিগগির তারা সেখানে স্থানান্তরিত হবে।