আইসল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) এম. আল্লামা সিদ্দীকী দেশটির প্রেসিডেন্ট গুডনি থরলাসিয়াস জোহানসনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। দেশটির রাজধানী রেইকাভিকে প্রেসিডেন্স ভবন বেসাসতাদিরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।
গতকাল বুধবার ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পরিচয়পত্র পেশের পর আইসল্যান্ডের প্রেসিডেন্ট ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক হয়। বৈঠকে আইসল্যান্ডের প্রেসিডেন্ট এ গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আল্লামা সিদ্দীকীকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত ধন্যবাদ জানানোর পাশাপাশি তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
বাংলাদেশ ও আইসল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বাংলাদেশের উন্নয়ন বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে ক্রমাগত ঊর্ধ্বমুখী অগ্রগতির কথা উল্লেখ করে আইসল্যান্ডের প্রেসিডেন্টকে দুদেশের সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি, পর্যটন, পোশাকশিল্প, শিক্ষা, সংস্কৃতিসহ অন্যান্য খাত সম্পর্কে অবহিত করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পদক্ষেপগুলোও তুলে ধরেন রাষ্ট্রদূত।
আইসল্যান্ডের প্রেসিডেন্ট রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনীর অবদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপ ও উদ্যোগগুলোর প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।