জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি সম্প্রতি ‘মারিয়া ওয়ান পিস’ নামের একটি নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন। সাজিন আহমেদ বাবু পরিচালিত এই নাটকে পড়শির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋষি কৌশিক। নাটক ও গান নিয়ে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
গান থেকে অভিনয়ে আসার অনুভূতি জানতে চাই…
কণ্ঠশিল্পী থেকে অভিনেত্রী হওয়ার অনুভূতি অবশ্যই ভাল। নতুন যাত্রা যখন ভালো কিছু দিয়ে শুরু হয় তখন অবশ্যই ভালো লাগে। নাটকটিতে কাজ করার আগে কনফিউজড ছিলাম, সবাই কী ভাববে বা কেমন করে নিবে। তবে নাটকটা অনএয়ার হওয়ার পরে বুঝলাম মানুষ ভালোভাবেই এটা নিয়েছে, বেশ সাড়া পাচ্ছি। সেটা অবশ্যই ভালো লাগছে। কাজ করতেও ভালো লেগেছে।
ঋষি কৌশিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
ঋষি কৌশিকের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। ক্যামেরা অন হওয়ার আগ পর্যন্ত ঋষি কৌশিকের সঙ্গে হাই হ্যালোও করা হয়নি। ক্যামেরার সামনেই প্রথম সামনাসামনি হয়েছি এবং কথা বলেছি। তিনি অনেক হেল্পফুল ছিলেন ফলে কোনো সমস্যা হয়নি।
এর আগে ‘মেন্টাল’ সিনেমায় শাকিব খানের সঙ্গে একটা গানে পারফর্ম করেছিলেন। সিনেমা করার কথা ভাবছেন কি?
সিনেমায় অভিনয় করার কথা এখনই ভাবছি না। নাটকটা দিয়ে তো কেবল অভিনয় শুরু করলাম ফলে নাটকটাকেই রাখি। ভালো গল্প ভালো প্রজেক্ট পেলে নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।
ঈদের গানে কেমন রেসপন্স পাচ্ছেন?
গেল ঈদে ‘নসিব’, ‘হাঙ্গর’ ও ‘প্রিয়জন’ নাটকে তিনটি গান প্রকাশ হয়েছে আমার। গানগুলোর জন্য বেশ ভালো রেসপন্স পাচ্ছি। ‘একটা গল্প’ গানটার রেসপন্স বেশি ভালো পাচ্ছি। নাটকের গান তো নাটকের মধ্যেই থাকে ফলে ওভাবে গানগুলো আলাদাভাবে পৌঁছে না। খুব কম নাটকই হয় যেখানে গানটা আলাদাভাবে দর্শকের কাছে পৌঁছে। তবে যে কয়টা নাটকে গান গেয়েছি সেগুলোর রেসপন্স বেশ ভালো এসেছে।
নতুন গান কবে আসবে?
সলো গান প্রস্তুত করছি। কোরবানির ঈদে আমার একটা গান আসছে।
সিনেমার প্লেব্যাকের কি অবস্থা?
ইদানীং প্লেব্যাক কম করছি। কারণ এখন তো সিনেমায় কম হচ্ছে। কাজ যেহেতু কম হচ্ছে তাই সিনেমার গান তেমন করছি না।
ব্যক্তিগত সময় ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই….
ব্যক্তিগত সময় কাজের ভেতর দিয়েই যাচ্ছে। সবকিছু মিলিয়ে ভালো। আর আমি পরিকল্পনা সেভাবে করি না কখনো। কপালে যা আছে সেটাতেই বিশ্বাস করি।
খুদে শিল্পী থেকে এখন বড় শিল্পী আপনি। এই জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন?
তখনকার থেকে এখন খুব বেশি বয়স হয়নি। খুদে থেকে যে খুব বিশাল কিছু হয়ে গেছি তা মনে করি না। তবে যতটুকু পেয়েছি তাতেই আমি তৃপ্ত।