জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২ পিজিডি কোর্স চালুর সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন ১২টি পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মমুখী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, ১২ পিজিডি কোর্সের মধ্যে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্টারপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালিসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট। 

উপাচার্য ড. মশিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্লান প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২ টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবে। পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়।