যেমন কাটছে ফুটবলারদের ছুটি

ইউরোপ ফুটবলের ২০২১/২২ মৌসুম শেষ। হাতে নেই তেমন আন্তর্জাতিক সূচিও। নতুন মৌসুম শুরু হতে আরও অনেকদিন বাকি। তার আগে ফুরফুরে মেজাজে সময়টা উপভোগে ঘুরে বেড়াচ্ছেন ফুটবলাররা। বসে নেই সাবেক খেলোয়াড় ও কোচরাও।

কেউ পরিবার নিয়ে, কেউ একা বেরিয়ে পড়েছেন ঘুরতে। আর ঘুরতে যাওয়ার সেসব ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা তা নিয়ে করেছে ফটো স্টোরি। দেশ রূপান্তর-এর পাঠকদের জন্যও থাকছে এই আয়োজন।

শারীরিক সমস্যার কারণে মৌসুমের শুরুতে বুটজোড়া তুলে রাখতে হয় সার্জিও আগুয়েরোকে। যার কারণে মাঠে ফেরার নেই কোনো তাড়া। অবসরে সমুদ্রসৈকতে সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক থিবু কোর্তোয়া। গ্লাভস হাতে লিভারপুল খেলোয়াড়দের একের পর এক শট রুখে দিয়েছেন। তবে শিরোপা জয়ের উচ্ছ্বাস তরতাজা থাকতেই স্ত্রী মিশেল গারজিগের বাহুবন্ধী হতে হলো বেলজিয়ান গোলরক্ষককে।

বান্ধবী মার্তা দিয়াজকে নিয়ে লন্ডন থেকে মাদ্রিদে ফিরছেন টটেনহামের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রেগুইলন।

সদ্য দাদা হয়েছেন জিনেদিন জিদান। আপাতত ফুটবলের বাইরে সময় কাটছে ফরাসি কিংবদন্তির। অনেকদিন হয় ডাগআউটেও দাঁড়ান না। তবে সময় কাটানোর মতো জীবনও পেয়ে গেছেন তিনি। ছবিতে স্ত্রী ও নাতির সঙ্গে জিজু।

ছুটিতে খোশ মেজাজে আছেন রিয়াল বেতিসের স্প্যানিশ সেন্টার-ব্যাক মার্ক বার্ত্রার। আরেক স্প্যানিশ তারকা মার্কোস লরেন্তেরও কাটছে উচ্ছ্বল সময়। 

ছুটিতে বার্সেলোনায় বিয়েটা সেরে ফেললেন সেল্টার ভিগোর মিডফিল্ডার ড্যানিস সুয়ারেস।