প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ জন বহিষ্কার

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে এক নারীসহ দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের (জেলায় ২য়) পরীক্ষায় জেলা শহরের বিভিন্ন কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এদিকে আটক দুই পরীক্ষার্থীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ। তবে তাদের পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘কেন্দ্রে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটরা দুই প্রার্থীকে আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল বিকেল ৬টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’