মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের যে দৃশ্যমান উন্নয়ন করেছেন তা অনেকের চোখে পড়ে না। এসব অন্ধ মানুষ এসব উন্নয়নের সুযোগ-সুবিধা নেবে কিন্তু এ উন্নয়নের প্রশংসা করতে জানে না।’ গতকাল শুক্রবার কুয়াকাটায় প্রথমবারের মতো সিউইড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনাদের উন্নয়ন, এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। তার দলের সঙ্গে থাকতে হবে।’
উপকূলে উৎপাদিত সিউইড আহরণ, বিপণন, চাষে উদ্বুদ্ধকরণ, ব্যবহারে উৎসাহিত এবং বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরতে গতকাল পর্যটন হলিডে হোমস কুয়াকাটায় এ মেলার অয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহাবুবুল আলম।