ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বাহাত্তরের সংবিধানের মূলনীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করার দাবি জানিয়ে শেষ হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী ২২তম জাতীয় সম্মেলন। গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সম্মেলনের সমাপনী দিনের কাউন্সিল অধিবেশনে ৯১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অমিত রঞ্জন দে। কোষাধ্যক্ষ হয়েছেন বিমল মজুমদার এবং সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন সঙ্গীতা ইমাম।
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে এই স্লোগানে গত বৃহস্পতিবার শুরু হয় এ সম্মেলন। গতকাল দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন শেষে সারা দেশ থেকে আগত প্রায় ৮০০ প্রতিনিধি ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদ নির্বাচিত করেন।
সম্মেলনে উদীচীর পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের স্বাধীন মতপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ‘গুম, গুপ্তহত্যা, বিভিন্ন বাহিনীর নামে রাতের আঁধারে’ নাগরিকদের তুলে নিয়ে যাওয়া, ভিন্নমত দমনে সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের ওপর হামলা-মামলার মাধ্যমে সর্বত্র ভয়ের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যে শোষণের পথ অবারিত করা হচ্ছে তার বিরুদ্ধে উদীচী দ্ব্যর্থহীন অবস্থান ঘোষণা করছে।