বরগুনায় পণ্যবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ২ শ্রমিক

মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে বরগুনার পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন ট্রলারের দুই শ্রমিক। জোয়ারের তোড়ে ভেসে গেছে কোটি টাকার পণ্য।

শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে নির্ধারিত হাটের পণ্য নিয়ে আসছিলেন।

নিখোঁজ শ্রমিকেরা হলেন- বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০), লবনগোলা গ্রামের আবদুল খালেক (৫০)। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ট্রলারে থাকা শ্রমিকরা জানান, শনিবার বরগুনা ঘাট থেকে এফবি মায়ের দোয়া নামের এটি পণ্যবাহী ট্রলার তালতলী পণ্য নিয়ে আসার জন্য রওনা দেয়।

ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্য প্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিল।

নদীতে ঝাঁপ দিয়ে তীরে ফেরা আবদুর রব মৃধা বলেন, আমরা রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশ্যে রওনা দেই। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে পাড়ি দিলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় পানি এসে ট্রলারে উঠে যায়।  তখন সেই পানি হালানের (অপসারণ) জন্য ওই দুজন ব্রিজের মধ্যে যায়, কিন্তু দ্বিতীয়বার আবার ঢেউ আসলে ট্রলারটি আস্তে আস্তে পানির নিচে চলে যায়, আমরা পাঁচজন বেঁচে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা ২ জন উঠতে পারেনি।

ফায়ার সার্ভিসের তালতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি এবং রাতেই একটি ট্রলার নিয়ে নদী থেকে যতটুকু সম্ভব পণ্য উদ্ধার করেছি। তবে এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।