আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে আসবে। আবার জুন মাসে এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে জানালেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানান, যখন এমপিওভুক্তির ঘোষণা আসবে, তখন থেকে শিক্ষকরা এই সুবিধা পাবেন। এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হলে এই অর্থবছরের বাজেট থেকেই শিক্ষকরা এমপিও সুবিধা পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, জাতীয়করণের কাজ বেশ এগিয়েছে। এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে৷ ইনশা আল্লাহ।
মন্ত্রী আরও জানান, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।
দীপু মনি বলেন, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৪ সাল থেকে অষ্টম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে। তাই আগামী বছরও এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।