ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈনুদ্দিন।
তিনি সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকটি ড্রামে হাইড্রোজেন পারঅক্সাইড লেখা দেখেছেন তারা। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলও উপস্থিত হয়েছেন রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য।
ডিপোতে প্রায় ৪৩০০ কন্টেইনার ছিল। তার মধ্যে কিছু কন্টেইনারে বিভিন্ন রাসায়নিক ছিল। আর রাসায়নিক থাকায় সেখানে বারবার বিস্ফোরণ ঘটছে, ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া।
চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় ২৪ একর জমির ওপর ওই কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট সারারাত চেষ্টার পর সকালে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। কিন্তু বারবার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিছুর রহমান জানান।
রবিবার বেলা ১১টার পরও বিভিন্ন কনটেইনার জ্বলতে দেখা যায়। ধ্বংসস্তূপ থেকে উঠছিল ধোঁয়া।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুপুর ১২টা পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীও আছেন। আহত হয়েছে দুই শতাধিক।
তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১ জন। আহতরা সিএমএইচে চিকিৎসাধীন। কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।