দীর্ঘ হচ্ছে মরদেহের সারি, নিহতের সংখ্যা বেড়ে ৪৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বেলা বাড়ার সাথে সাথে মরদেহের সংখ্যাও বাড়ছে। দুপুর সোয়া ২টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। 

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তথ্য কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে। প্রশাসনের একটি চার্টে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ২০০ জন। 

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মী নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এছাড়া ফায়ার সার্ভিসের আরো ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর দুইজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। 

নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের ওই কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পরে রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুন এখনো জ্বলছে।