মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘হাওয়া’র কাজ শেষ হয়েছে অনেক আগেই। গত ১ এপ্রিল প্রকাশিত হয় ছবিটির পোস্টার। ৫ জুন সন্ধ্যায় প্রকাশিত হওয়ার কথা ছিল ছবিটির ট্রেইলার। কিন্তু সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেইলার রিলিজ থেকে বিরত থাকছেন পরিচালক।
সুমন জানান, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত হয়েছি। এ কারণে আজ ট্রেইলার প্রকাশ করছি না। তবে শিগগিরই ট্রেইলার প্রকাশের তারিখ জানিয়ে দিবো।’
জানা যায়, আসছে ঈদেই মুক্তির মিছিলে নাম লেখাতে যাচ্ছে ‘হাওয়া’। ১লা এপ্রিল প্রকাশিত প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে চিৎ হয়ে আছেন লাল হাফপ্যান্ট পরা অচেতন শরিফুল রাজ!
২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে ছবিটির শুটিং হয় গভীর সমুদ্রে। ছবিটির গল্প সম্পর্কে পরিচালক তখন বলেছিলেন, ‘আমাদের ছবিটা জেলেদের জীবনের দুঃখ–দুর্দশার ছবি নয়। জেলেদের জীবনের সংগ্রামের গল্প নয়। আমরা বারবার বলেছি, এটা আধুনিক রূপকথার গল্প। গল্পটি একটা মিথোলজিকে ভিত্তি করে। সমুদ্রের জীবনের গল্পের ভেতর দিয়ে একটা হাইপাররিয়্যালিটির গল্প বলতে চাই, যার মধ্যে গল্প বলার ক্ষেত্রে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে। আমরা দেখাতে চাই আধুনিক রূপকথা কিংবা প্রতিশোধের গল্প। এটাই মূল কথা। এখানে মাছ ধরার গল্প মুখ্য নয়। মাছ ধরা চরিত্রের দৈনন্দিন কাজেরই একটি অংশ।’