একটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই তালা ভেঙে চুরি হয়ে গেছে আটটি ল্যাপটপ। শুক্রবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে মৌখিক অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান, স্কুলের ১ম ও ২য় তলায় অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তৃতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব। যা এখনো উদ্বোধন হয়নি। ফলে সেটি তালাবদ্ধ। সেখানে রক্ষিত ছিল ল্যাবের ১৭টি ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম। বৃহস্পতিবার পরীক্ষা শেষে আমরা যখন বাড়ি যাই তখনো তাসব ঠিকঠাক ছিল।
তিনি জানান, শনিবারও তৃতীয় তলায় প্রবেশের মুখে কলাপসিবল গেটটি আগের মতো থাকায় আমাদের কোনো সন্দেহ হয়নি। এদিনও আমরা যথারীতি পরীক্ষা চালাচ্ছিলাম। শনিবার পরীক্ষা চলার মাঝামাঝি সময়ে পিওন স্কুলের অগ্নিনির্বাপক যন্ত্রটি বাইরে থেকে ৪র্থ তলায় একটি কক্ষে রাখতে গিয়ে দেখে ল্যাবের দরজা খোলা। তখন বিষয়টি আমাদের নজরে আসে। আমরা গিয়ে দেখতে পাই ল্যাবের দুটি দরজার একটির তালা কাটার চেষ্টা হয়েছে। অন্য তালা ভেঙে আট ল্যাপটপ, ছয়টি মাউস, পাঁচটি কিবোর্ড নিয়ে গেছে। ঘটনাটি আমি তাৎক্ষণিক ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানাই।
উপজেলা সহকারি প্রোগ্রামার মাইদুল ইসলাম জানান, ঘটনাটি শুনে আমি শনিবার বিকেল ৩টায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এর সত্যতা পেয়েছি। প্রকল্পের নিয়ম অনুযায়ী ল্যাব রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান প্রধান এর দায়িত্ব এড়াতে পারেন না। তাই ল্যাবের হারিয়ে যাওয়া সরঞ্জামাদি উদ্ধারে তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনে আমাদের দুজন অফিসারকে সেখানে পাঠানো হয়েছিলো। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।