ফরিদপুরের শিবরামপুর রেলস্টেশনে পাথর শেডের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহুরুল ইসলাম জনিসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, শিবরামপুর রেলস্টেশনে রেলযোগে ভারত থেকে আনা পাথর আনলোড করা হয়। এরপর ওই পাথর ট্রাকে লোড করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে পাথর শেডের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে বিএনপি সমর্থিত রাকিবুল ইসলাম সাদ্দাম ও আওয়ামী লীগ সমর্থিত আলাউদ্দিন মোল্যা। গতকাল দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনির নেতৃত্বে অর্ধশতাধিক লোক পাথর শেডের দখল নিতে যায়। এ সময় সাদ্দাম ও আলাউদ্দিনের নেতৃত্বে সমসংখ্যক লোক তাদের প্রতিহত করতে নামে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জনিসহ তার পক্ষের চারজন আহত হয়।
কোতোয়ালি থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ আহত চারজনকে আটক করে নিয়ে আসে।’