স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার জন্য ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’ চালু করা হয়েছে। বাজেট বিষয়ে তথ্যসংবলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এ হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা রাখবে।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় উত্তর ব্লকে ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি সহায়তায়, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সহযোগিতায় এবং জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিটের (বামু) বাস্তবায়নে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২২’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ডেলিগেশন অব দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের হেড অব কো-অপারেশন মিনিস্টার কাউন্সিলর মাউরিজিও চান বক্তব্য রাখেন।