চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘অগ্নি দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।’ এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অগ্নি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘এমন ভয়াবহ অগ্নিকান্ডে জাতি অবাক ও হতবাক হয়েছে। অগ্নিকান্ডের ভয়াবহতায় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।