দুর্নীতি বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব : সিপিবি

দুর্নীতি-অপচয় বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রবিবার দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, ‘দুর্নীতি-অপচয় বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব। আর ঢাকাসহ যেসব এলাকায় মিটার নেই সেসব এলাকায় দুই চুলার গ্রাহক গড়ে ৫০০ টাকার গ্যাস  পোড়ালেও ৯৭৫ টাকা বিল দিয়ে যাচ্ছে। এতে কম গ্যাস পুড়িয়ে গ্রাহক ডাবল টাকা দিচ্ছে আর তিতাস ওই গ্যাস ব্যবহার দেখিয়ে দুর্নীতি করছে।’

তারা আরও বলেন, সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে এবং অপচয় প্রতিরোধ না করে দাম বাড়িয়ে নিজের ব্যর্থতা সাধারণ মানুষের কাঁধে তুলে দিচ্ছে। এটা জনগণ মেনে নেবে না। মানুষ নানা সংকটে আছে। তার ওপর দাম বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবনে নতুন বোঝা চাপাবে বলে নেতারা উষ্মা প্রকাশ করেন।