গত মে মাসে দেশে ৫২৮টি সড়ক দুর্ঘটনায় ৬৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৭টি দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন। এছাড়া একক জেলা হিসেবেও ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এসময় ৩২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন।
আজ সোমবার বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটির মাসিক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আর জেলার মধ্যে সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। ৩টি দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন, কোনো প্রাণহানি ঘটেনি।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪.০৫%, প্রাণহানি ২৪.৮০%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৬.০৯%, প্রাণহানি ১৮.০৯%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭৮%, প্রাণহানি ২০.১২%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৫%, প্রাণহানি ১১.৭০%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৯৫%, প্রাণহানি ৮.৭৩%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.১৬%, প্রাণহানি ৩.৫৮%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৫৭%, প্রাণহানি ৭.৮০% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৮৭%, প্রাণহানি ৫.১৪% ঘটেছে।