রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তার উদ্ধার

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। 

জানা গেছে, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ এ চোর চক্র। 

র‌্যাব-৬ জানায়, এ চুরির ঘটনায় খুলনা র‌্যাব-৬ এর কাছে একটি অভিযোগ দেন তাপ বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই চোরাই তামার তারসহ চক্রটি রামপাল এলাকায় অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার সকাল ৮টার দিকে রামপাল উপজেলার রনসেন গ্রামে অভিযান চালান তারা। এ সময় ওই এলাকা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া ২৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এ চোর চক্রের একটি মোটরসাইকেলও জব্দ করেন অভিযানকারীরা। 

গ্রেপ্তাররা হলেন বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাট এলাকার আ. কাদের (২৮) ও একই এলাকার মো. কামরুল ইসলাম (৩০)। 

গ্রেপ্তারদের সোমবার দুপুরে রামপাল থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করে তাপ বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা চুরির ঘটনায় সোমবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন। র‌্যাবের হাতে আটক মামলার আসামি কাদের ও কামরুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।