উন্নয়ন মানে অসহায় পুড়ে মরা নয়: ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, উন্নয়ন মানে অসহায় পুড়ে মরা নয়, উন্নয়ন মানে জনস্বার্থকে প্রাধান্য দেয়া। উন্নয়ন মানে জান এবং জবানের নিশ্চয়তা।

সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডের বিএম কন্টেইনারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ এ কথা বলেন। এ সময় তিনি আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

আহতদের উন্নত চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটা অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি স্পষ্ট প্রতীয়মান হলেও সমাধানের জন্য নেই কোন উদ্যোগ। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর মালিক আওয়ামী লীগের একজন নেতা বলেই কি এখানে কোন যথাযথ পরিদর্শন ছিল না?’

ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা আত্মদান করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বিশ্বমানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলগুলোতে জরুরি সময়ের জন্য পানির উৎস তৈরির দাবি জানান।

এ ছাড়া, নিহত এবং আহতদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দেওয়াসহ সীতাকুণ্ডের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাবি হাজ্জাজ।

এনডিএম প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. এমরান চৌধুরী, কেন্দ্রীয় যুব নেতা আদনান সানি, ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা জুয়েল, সদস্যসচিব মুফতি শেখ মো. ফরিদ প্রমুখ।