শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষার ডিজি

২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের মধ্যে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম (গ্রড-১)। পুরস্কার হিসেবে তিনি সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনসুরুল আলম ২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমকি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা প্রচলন, প্রাথমিক শিক্ষার কারিকুলাম পরিমার্জন, শিক্ষকদের বেতনবৈষম্য নিরসনসহ নানা ক্ষেত্রে ভূমিকা পালন করেন মনসুরুল আলম। ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেওয়া এই কর্মকর্তা ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়ায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক।