চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনে নিহতদের জন্য শোক ও আহতদের দ্রুত পূর্ণ আরোগ্য কামনায় প্রদীপ প্রজ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন সংস্কৃতিকর্মীরা।
এ সময় সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
আহকাম উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রামে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সবাই বেদনাহত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, এমন ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। যদি কারও গাফিলতি বা অবহেলায় এই ঘটনা হয়ে থাকে, তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে।’