প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় হেরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই অ্যাম্বার হার্ড বিয়ের প্রস্তাব পেলেন এক সৌদি নাগরিকের কাছ থেকে। অ্যাম্বারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঠানো ভয়েস নোটে সেই ব্যক্তি দাবি করেছেন, তিনি নাকি সেই বুড়োর (ডেপ) চেয়েও ভাল!
ভয়েস নোটে সৌদি আরবের সে ব্যক্তি বলেন, ’অ্যাম্বার...যেহেতু সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমি ছাড়া তোমার দেখভাল করার কেউ নেই। আমি দেখেছি, কীভাবে কিছু মানুষ তোমাকে বিরক্ত করেছে, তোমার প্রতি তাদের ঘৃণা প্রদর্শন করেছে। এজন্যই আমি তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি’।
তিনি আরও বলেন, ’সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন। তুমি আশীর্বাদস্বরূপ কিন্তু মানুষ সেটি উপলব্ধি করতে পারেনি। আমি ঐ বুড়োর চেয়ে ভালো’।
ভয়েস নোটটি ’Bee4andafter_kw’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পোস্টের মাত্র তিনদিনে এর ভিউ ছাড়িয়েছে দেড় লাখের ওপরে।
গত ২রা জুন অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে নেন তারকা অভিনেতা জনি ডেপ। ভার্জিনিয়ার আদালতের জুরি সদস্যরা জানান, অ্যাম্বার হার্ড তার প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর।
অ্যাম্বার হার্ডকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।
মাত্র ১৫ মাস সংসার করার পর ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউডের তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড।
এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টে লেখা একটি উপসম্পাদকীয়তে আম্বার হার্ড অভিযোগ করেন, দাম্পত্য জীবনে তিনি শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
ওই অভিযোগের পর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা ঠুকে দেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা, ৫৮ বছর বয়সী জনি ডেপ।
পরে অ্যাম্বার হার্ডও ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।