চট্টগ্রাম বন্দরে ১২ বচলের পুরোনো এসিডের কনটেইনারে ধোঁয়া

চট্টগ্রাম বন্দরে রক্ষিত পুরনো কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

এতে বন্দর জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষ পুরনো এই কনটেইনারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা গেছে।

বন্দর কর্মকর্তারা জানান, পুরনো কনটেইনারে এসিড জাতীয় পদার্থ রয়েছে। ২০১২ সাল থেকে কনটেইনারটি বন্দর জেটিতে পড়ে আছে। এখন বন্দর চেয়ারম্যানের নির্দেশে কনটেইনারটি আলাদা করে বন্দরের ভেতরে অকশন গোলায় কাস্টমস কর্তৃপক্ষকে নিষ্পত্তির জন্য হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, এটি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা নয়। দুপুর ১২টার দিকে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এক কর্মী পুরনো এই কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর আমরা দ্রুত কনটেইনারটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।