মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুই নেতার অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি।
এক বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমুখর এখন সারা বিশ্বের মুসলমানরা। ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (স.) কে নিয়ে নুপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। অন্যের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নুপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল।’
বিবৃতিতে বলা হয়, বিজেপি নেতাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তবে দলের মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বিএনপি ধন্যবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে উভয় দেশের জনগণের মধ্যে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুণ্ন থাকবে।
এদিকে পৃথক এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, ‘বিজেপি মুখপাত্র রাসুল (সা.) নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করেছে। মুসলমানের কাছে প্রিয় নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান।’
পৃথক বিবৃতিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘ক্ষমতাসীন বিজেপি সরকারের দুই নেতার মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে যে মন্তব্য করেছে তা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক। এই নোংরা বক্তব্য বিশ্ব শান্তির ওপর আঘাত। অবিলম্বে এদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক নইলে বিশ্ব দরবারে ভারতের সম্মান ক্ষুণ্ন হবে এবং সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিত হবে।’
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দলের পক্ষ থেকে দেশের সব জেলা ও মহানগরে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সম্প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মাদ (স.) কে নিয়ে যে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এটি ধর্মীয় মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। তাদের শুধু বহিষ্কার নয়, গ্রেপ্তার করতে হবে।’