রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর ‘মৃত শহরে’ পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় যোদ্ধাদের চেয়ে রুশ সেনাদের সংখ্যা বেশি বলেও জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার বিবিসি জানায়, সোমবার সেখানে ব্যাপকভাবে কামানের গোলাবর্ষণ করা হয় এবং শহরের রাস্তায় রাস্তায় উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। জেলেনস্কি বলেন, দনবাস অঞ্চলে এবং কাছাকাছি এলাকায় লড়াইয়ের তীব্রতা সেখানকার উভয় শহরকে (সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক) ‘মৃত শহরে’ পরিণত করেছে। কৌশলগত এ শহর দুটি পুরোপুরি দখল হয়ে গেলে তা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের পূর্বের সমগ্র লুহানস্ক অঞ্চলে পৌঁছে দেবে। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এ হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক চলা রাশিয়ার সর্বাত্মক এ হামলা সম্প্রতি গড়িয়েছে চতুর্থ মাসে।