চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের তৎপরতায় মায়ের কাছে ফেরত এসেছে শিশু আবদুল্লাহ। নেশার টাকা জোগাড় করতে দেড় বছরের শিশুসন্তানকে বিক্রি করে দিয়েছিল মাদকাসক্ত বাবা ইমরান হোসেন।
শিশুটির মা লামিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মতলব পৌরসভার বাবুরপাড়ার বাসিন্দা ইমরান হোসেন মাদকাসক্ত। সে গত ৪ জুন নেশার টাকা জোগাড় করতে না পেরে ঘর থেকে শিশু আবদুল্লাহকে নিয়ে বের হয়ে যায়। পরে মাত্র ২০ হাজার টাকায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নিঃসন্তান রুমা আক্তারের কাছে বিক্রি করে দেয়। এ ব্যাপারে শিশুটির মা মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘লামিয়া বেগম থানায় এসে আমাদের বিষয়টি জানালে সঙ্গে সঙ্গেই পুলিশ তার সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযানে নামে। পরে মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুর বাবা একজন মাদকাসক্ত। সে নেশার টাকা জোগাড় করতে না পেরে শিশুটিকে বিক্রি করে দেয়। এই ঘটনার পর থেকে সে পলাতক। তবে তাকে আটকের চেষ্টা চলছে।’