সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যেই ডিপোতে এই ঘটনা ঘটেছে, সেই ডিপোর মালিক একজন আওয়ামী লীগার। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। সেখানে যে দাহ্য পদার্থ আছে, তা ফায়ার সার্ভিসকে জানানো পর্যন্ত হয়নি। এতে ফায়ার ব্রিগেডের নয়জনকে প্রাণ দিতে হয়েছে।
তিনি আরো বলেন, দেশে সরকারি চাকরি পেতে হলে একজনকে ২০ লাখ টাকার বেশি ঘুষ দিতে হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমাদের ছেলেরা পাস করে বের হয়। কিন্তু তারা চাকরি পায় না। চাকরি পেতে হলে ঘুষ দিতে হচ্ছে। পাশাপাশি দিতে হচ্ছে আওয়ামী লীগের সার্টিফিকেটও। অন্যদিকে আওয়ামী লীগের লোকেরা ব্যবসা-বাণিজ্য দুর্নীতির করে কোটিপতি হয়ে যাচ্ছে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। কিন্তু বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা বেড়েছে ১০ গুণ। শতকরা ৪২ জন এখন দারিদ্র্যসীমার নিচে বাস করে।
তিনি বলেন, দ্রব্যমূল্যে এমন বৃদ্ধি পেয়েছে যে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। এখন আবার গ্যাসের দাম বাড়িয়েছে। মানুষের জীবনকে এক দুঃসহ অবস্থার মধ্যে নিয়ে এসেছে।
যুবদলের নবগঠিত কমিটি সভাপতি সুলতান সালাউদ্দিন এ সময় সভাপতিত্ব করে। সঞ্চালনায় ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
এ সময় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও খায়রুল কবির, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।