ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটিতে সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সাংবাদিক ফজলে এলাহী দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলার কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
ফজলে এলাহী সম্পাদিত পাহাড় টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য তার বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ করেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত অনুমতি দেয়। এরপর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।