সীতাকুন্ড ডিপোতে যদি কোনো আইন ভঙ্গ করা হয়ে থাকে তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। একটি সরকারি তদন্ত কমিটি। যেটি সরকারিভাবে তদন্ত করা হচ্ছে। ফায়ার ব্রিগেডও একটি তদন্ত কমিটি করেছে। ওনারা এক্সপার্ট এ বিষয়ে। এই দুটি কমিটি রিপোর্ট করলে আইনি বিষয়গুলো স্পষ্ট হবে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধদের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, সীতাকু-ে গত ৪ তারিখে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের লোকজন কাজ করছে, পুলিশের সিআইডি কাজ করছে। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। দুটি তদন্ত কমিটি কাজ করছে। দুটি কমিটিতে সিআইডি কাজ করছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও কাজ করছে। তদন্ত কমিটিকে বিশেষজ্ঞ সহায়তা যদি লাগে দেওয়ার ব্যবস্থা করা হবে।