নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে সাবেক মন্ত্রী নাজমুল হুদার আবেদন খারিজ হয়ে গেছে।

শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজের এ আদেশ দেয়। ফলে নাজমুল হুদার বিরুদ্ধে বিচারিক আদালতে চলমান থাকা এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় নাজমুল হুদার প্রতি উষ্মা প্রকাশ ও তাকে সতর্ক করে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।