রাশিয়ার সঙ্গে মৃতদেহ বিনিময়, ইউক্রেনীয় সৈন্যদের মরদেহ কিয়েভে

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর নগরী মারিউপোল রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো সৈন্যদের মরদেহ রাজধানী কিয়েভে পৌঁছেছে বলে জানিয়েছেন তাদের পরিবার। খবর বিবিসির।

তারা বলছে, এটি রাশিয়ার সঙ্গে মৃতদেহ বিনিময়ের একটি অংশ। প্রত্যেক পক্ষই ১৬০ জনের মৃতদেহ গ্রহণ করেছে। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত সোমবার টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনীয় সৈন্যদের পরিবার জানিয়েছে যে, আজভস্টাল রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো সৈন্যদের মৃতদেহ রাজধানী কিয়েভে পৌঁছেছে।

তবে রাশিয়া মৃতদেহ বিনিময়ের সত্যতা এখনো নিশ্চিত করেনি।  

নগরীর আজভস্টাল স্টিল কারখানায় তিন সপ্তাহ আটকে থাকার পর ইউক্রেনীয় সৈন্যদের বন্দী করে নেওয়া হয়।

মারিউপোল থেকে এক হাজারের বেশি সৈন্যকে আটক করে রাশিয়ায় নেওয়া হয়েছিল।

রাশিয়ার একটি আইন প্রয়োগকারী উৎস রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে বন্দী হওয়া সৈন্যদের রাশিয়ায় নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে।

সেখান থেকে আরও বন্দী রাশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছে সোর্সটি।

তবে ইউক্রেনীয়দের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার ধারণা আজভস্টাল রক্ষাকারী আড়াই হাজারেরও বেশি সৈন্যকে রাশিয়া বন্দী করে নিয়ে গেছে। এই সৈন্যদের মধ্যে রয়েছে সীমান্ত রক্ষী, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

এক মাস টানা লড়াইয়ের পর মে মাসে রাশিয়া মারিউপোল দখল করে নেয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, নারী-শিশুসহ সেখানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে।

নগরীতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ধ্বংসস্তূপে অনেক মৃতদেহ সমাহিত করা হয়েছে। মূল পানির লাইন নর্দমার সঙ্গে মিশে দূষিত হয়েছে।