লাকী আখান্দের সুর করা গানে মেহরীন

গায়ক-সুরকার লাকী আখান্দের জন্মদিন ছিল মঙ্গলবার। এই দিনেই তাকে উৎসর্গ করে গান প্রকাশ করলেন মেহরীন মাহমুদ। ‘সে গানেরই পাখি’ নামের ট্র্যাকটি সুর করেছিলেন লাকী আখান্দই।

২০ বছর আগে গানটির কথা লেখেন গোলাম মোরশেদ। সংগীতায়োজন করেন রূপক।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উন্মোচিত হয় গানটি ভিডিও। সেখানে জানানো হয়, মেহরীনের পরিকল্পনা ও উদ্যোগে গানটি তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ আহ্বান জানিয়ে বলেন, ‘লাকী আখান্দ ভাইয়ের সৃষ্টিসম্ভার বাংলা গানের ভুবনে বৃহত্তর শ্রোতা সমাজের কাছে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে কাজ করতে হবে।’

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবিডিডটকম’র কো-ফাউন্ডার ও ডিরেক্টর, আনিসুল হক ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও মোহাম্মাদী গ্রুপের ডিরেক্টর নাভিদুল হক। আরও উপস্থিত ছিলেন গীতিকার গোলাম মোরশেদ, সংগীত পরিচালক রূপক, কণ্ঠশিল্পী রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, লাবু রহমান, ফোয়াদ নাসের বাবু ও মাকসুদুল হকসহ অনেকে।

অনুষ্ঠানে শিল্পী মেহরীনের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য ‘সে গানেরই পাখি’র অডিও এবং ভিডিও রিলিজ করেন অতিথিরা।