এমপি বাহারকে এলাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে বলেছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে বুধবার চিঠি পাঠানো হয়।

ইসির যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়, কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়ার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এমতাবস্থায়, অনতিবিলম্বে আপনাকে উল্লিখিত নির্বাচনী এলাকা ত্যাগ করে আচরণবিধি প্রতিপালন বিষয়ে কমিশনকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু এমপি বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

এর আগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে সভায় অংশ নিলে তাকে সতর্ক করে চিঠি দিয়েছিল ইসি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্থানীয় সরকারের নির্বাচনে প্রচারে অংশ নিতে পারেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যেতে পারেন।

গত মঙ্গলবার সাক্কু অভিযোগ করেন, বাহাউদ্দিন নির্বাচনী এলাকায় অবস্থান করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়া পাশের সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভোটকেন্দ্রে, দিচ্ছেন নানা নির্দেশনা।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।