সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলায় সরকার দায়ী: মান্না

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) জনসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি ও গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে মান্নার নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব থেকে জিরো পয়েন্ট হয়ে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

সমাবেশে মান্না বলেন, ‘সীতাকুণ্ডের ঘটনায়ও সরকারই দায়ী।’

সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘আজকে আওয়ামী লীগের দালালেরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিনা উসকানিতে তাদেরকে গরুর মতো পিটিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তার জাতীয় সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা।

মঙ্গলবার বিকেলে চমেক হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গেলে জোনায়েদ সাকি এবং অন্যান্যদের ওপর হামলা হয়।