প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া গোপালগঞ্জের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
দুপুর ১২টায় শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।
পরীক্ষার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা গত ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।