সাভারে কৃষ্ণ সরকার (৪০) নামে এক ফটোগ্রাফারকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার আট দিন পর গতকাল বুধবার সিআইডি জানিয়েছে, মাদক সেবনে বাধা দেওয়ায় বখাটেরা কৃষ্ণকে পেটে ছুরি মেরে হত্যা করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নয়ন মনি ওরফে বাউল নয়ন (২৬)। টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।
মুক্তা ধর জানান, কৃষ্ণ সরকার রাজধানীর মগবাজারের ওয়েডিং প্যারাডাইস নামে একটি স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। গত ৩০ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে ফেরার সময় তার বাড়ির সামনে বখাটেদের গান-বাজনা ও মাদক সেবন করতে দেখে সেখান থেকে চলে যেতে বলেন কৃষ্ণ। তবে বখাটেরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নয়ন মনি বাউলের নেতৃত্বে অন্যরা তাকে মারধর করে এবং বুকে-পেটে ছুরি মারে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিআইডি কর্মকর্তা বলেন, গত ২৩ মে নয়ন তার স্ত্রীকে নিয়ে সাভারে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তিনি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বখাটেদের সঙ্গে জমিদারবাড়ির পুকুরপাড়ে আড্ডা দিতেন।