আওয়ামী সরকার প্রতারক, গণ-শত্রুতে পরিণত হয়েছে: প্রিন্স

গণবিরোধী আওয়ামী সরকার জনগণের সাথে প্রতারণা করছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একের পর এক গণ বিরোধী সিদ্ধান্ত নিয়ে তারা গণ শত্রুতে পরিণত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে, এর মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারী সিদ্ধান্ত মানুষের জীবনে 'মড়ার উপর খাঁড়ার ঘা'। মানুষের জীবন চালানোই এখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, অর্ধাহারে-অনাহারে থেকে মানবেতর জীবনযাপন করছে। 

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে  ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এর পরিচালনায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, এড.এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামিম আজাদ, মাহবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।