শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য পরিবারের কেউ হতাহত হননি। শাওন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শাওন জানান, ‘আজ ভোর ৫ টায় গুলশান-১ এ আমার মায়ের বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ ভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২ টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’

এদিকে শাওন জানান, যে ঘরে এসি বিস্ফোরণ হয়েছে মায়ের বাসায় গেলে সেই ঘরেই থাকতেন শাওন ও তার ছেলে মেয়েরা। আজ সেই বাসায় থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটত বলে তিনি আশঙ্কা করে জানান, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোট পুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’