এক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের ওপর ছাত্রলীগ নেতার হামলার ঘটনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধি ফোরামের সব সদস্য রবিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় সরকার প্রতিনিধি ফোরামের এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন সদস্যরা। ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদারের ওপর বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদের চালানো হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, জনপ্রতিনিধি হয়ে আমাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা জনগণকে কীভাবে নিরাপত্তা দেব! সরকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সদস্য দেওয়া হলেও আমাদের নিরাপত্তা কোথায়!
তিনি বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আর সেই সেবা করতে গিয়ে আমাদের যদি সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়, তাহলে আমরা কীভাবে মানুষের সেবা করব!
সোনিয়া সবুর আকন্দ দুই জনপ্রতিনিধির ওপর হত্যার উদ্দেশে সন্ত্রাসী হামলার ঘটনার মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন, এ ঘটনার ঘটনার বিচার না হয়, তাহলে স্থানীয় সরকার প্রতিনিধি ফোরামের সকল সদস্য আগামী রবিবার থেকে কর্মবিরতি পালন করবেন।
সংবাদ সম্মেলনে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, বড়ধূল ইউপি চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন, ভাঙ্গাবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের দুই জনপ্রতিনিধির ওপর হত্যার উদ্দেশে হামলার ঘটনায় বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ সাতজনকে আসামি করে গত রবিবার রাতে একটি মামলাও করা হয়েছে।