ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করা বিজেপির সেই নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে বরখাস্ত হন বিজেপির এই সাবেক মুখপাত্র। অবমাননাকর ওই মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তিনি ছাড়াও বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
বিজেপির ওই দুই নেতার মধ্যে একজন জাতীয় টেলিভিশনে এবং অন্যজন টুইটারে মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন। এরপরই নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উসকে দেওয়া এবং এমন পরিস্থিতি তৈরি করা, যা সমাজের শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করে এমন অভিযোগে ওই দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। একটি টিভি চ্যানেলে বিতর্কের সময় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন নূপুর শর্মা। অন্যদিকে নবীন জিন্দল এক টুইট বার্তায় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন। সম্প্রতি বিজেপির ওই দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভারতীয় পণ্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ বাড়তে থাকে। এর মধ্যেই ওই দুজনের বিরুদ্ধে মামলা করা হলো।