রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানার সম্পত্তির ওপর ১৮ তলা ভবন নির্মাণ করতে কনকর্ড রিয়েল এস্টেট কোম্পানির রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ খারিজের এ আদেশ দেয়। ফলে এ নিয়ে আপিল বিভাগের দেওয়া আগের রায় বহাল রয়েছে এবং সংশ্লিষ্ট দুই বিঘা জমি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার মালিকানায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আইনজীবী সূত্রে জানা গেছে, আজিমপুর এতিমখানার দুই বিঘা জমিতে ২০০৩ সালের জুলাইতে রিয়েল এস্টেট কোম্পানি ও এতিমখানা কর্তৃপক্ষের চুক্তির মাধ্যমে সেখানে ১৮ তলা ভবন নির্মাণ করে কনকর্ড। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এতিমখানার সম্পত্তি রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। শুনানি শেষে ২০১৫ সালের ১৯ জুলাই হাইকোর্ট এক রায়ে ১৮ তলা ভবন বাজেয়াপ্ত করে ৩০ দিনের মধ্যে কনকর্ডকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এতিমখানাকে ভবন বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে কনকর্ড। ২০১৮ সালের ১২ মার্চ আপিল বিভাগ এক রায়ে কনকর্ডের আপিল খারিজ করে ১৮ তলা ভবন ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।
রিভিউয়ের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও এমএ হান্নান। এতিমখানার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মসিউজ্জামান ও আখতার ইমাম। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘এ রায়ের ফলে অবৈধভাবে এতিমখানার সম্পত্তি হস্তান্তর অকার্যকর হয়েছে। নির্মাণকৃত ১৮ তলা ভবন এখন এতিমখানার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে।’