হাইকোর্টে জামিন মেলেনি সাবেক সেনাপ্রধান হারুনের

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার মামলায় চার বছরের কারাদন্ড পাওয়া প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হারুনের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেয়। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় দন্ড থেকে খালাস চেয়ে হারুনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার যাবতীয় নথি তলব করেছে আদালত। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতে দন্ডপ্রাপ্ত ৩৯ জনকে গ্রেপ্তারে রেড নোটিস জারির ব্যবস্থা করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গত ১২ মে রায় দেয় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত।