হুট করে রেল অবরোধের জেরে আটকে যায় বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস। শুক্রবার সকালে প্রায় আড়াই ঘণ্টা পশ্চিমবঙ্গের রানাঘাট- গেদে শাখায় তারকনগর হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক। তার আশ্বাসে অবরোধ উঠলে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ওই প্রতিবেদনে জানানো হয়, তারকনগর হল্টে রেলগেট তৈরির দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন স্থানীয় জনগণ।
নিজেদের যাতায়াতের জন্য অস্থায়ীভাবে তারা বাঁশ দিয়ে ঘিরে রেলগেট বানিয়েছিলেন। কিন্তু রেল সেটাকে বন্ধ করে দেয়। এর ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে দাবি এলাকাবাসীর।
শুক্রবার সকালে ১০-১২টি গ্রামের বাসিন্দারা রেল লাইনে অবরোধ শুরু করেন। তারা সবাই মতুয়া সম্প্রদায়ের মানুষ।
সংবাদমাধ্যম বলছে, এই অবরোধের ফলে রানাঘাট- গেদে শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে কল্যাণী স্টেশনের কাছে।