পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের সভায় ছাত্রলীগের হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্তত ছয়জন আহত হয়েছেন। সভাও পণ্ড হয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাউফল ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইমারি স্কুলের মাঠে স্বেচ্ছাসেবক দলের পূর্বনির্ধারিত সভা চলাকালে আরিফ ও কোয়েলের নেতৃত্বে ২৫-৩০ ছাত্রলীগ কর্মী সেখানে হামলা চালায়। তারা চেয়ার, টেবিল, মাইকসহ সভার মঞ্চ ভাঙচুর করে সভা পণ্ড করে দেয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দল জানায়, হামলায় দলের আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সচিব নাইম সিকদার তারেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবিরুল হক লিটন ও মো. মহিবুল্লাহ, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল হোসেন সজিব, পৌর ছাত্রদলের সদস্য মো. মিরাজ হোসেন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ রাহাদ জামসেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের ওই সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। তাই সভা পণ্ড করে দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।